প্রকাশিত: Wed, Jan 25, 2023 9:40 AM
আপডেট: Thu, Sep 10, 2026 11:36 PM

দেশি চাল প্লাস্টিক ব্যাগে থাকলে জব্দের নির্দেশ পাটমন্ত্রীর

আনিস তপন: দেশীয় চাল প্লাস্টিকের ব্যাগে বাজারজাত করলে, তা জব্দ করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে এই নির্দেশনা দেন তিনি।

অধিবেশন শেষে মন্ত্রী বলেন, আমাদের দেশে এক সময় কৃষিপণ্য থেকে শুরু করে সবস্ত মোড়কে পাট পণ্য ব্যবহার হতো। প্লাস্টিক আবিস্কারের পর, পাট পণ্য থেকে প্লাস্টিকে চলে যাওয়ায় পাট পণ্যের ব্যবহার কমে যায়। এখন চেষ্টা করছি, সেই পাট পণ্য আবার ব্যবহার করতে। পাট ও বস্ত্রমন্ত্রী বলেন, ইদানিং একটা লিকেজ আছে। লিকেজটা হলো-  আমদানির চালগুলো প্লাস্টিকের বস্তায় আসে। এটার মাঝে ফাঁক দিয়ে তারা দেশের চাল প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে দিয়েছে। আমরা বলেছি, শুধু বিদেশি চাল প্লাস্টিকের ব্যাগে থাকলে আপত্তি নেই। কিন্তু দেশীয় চাল যেখানে প্লাস্টিকের ব্যাগে আছে, সেগুলো জব্দ করবেন। তাহলে আমাদের পাট পণ্যের ব্যবহার নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, ডিসিরা কলাগাছ থেকে সুতা তৈরি নিয়ে কথা বলেছেন। অনেক দেশে কলাগাছ থেকে সুতা তৈরি হয়। আমাদের দেশে অনেক কলাগাছ হয়। কলাগাছ থেকে সুতা তৈরির বিষয়টি রিসার্চ ইনস্টিটিউটকে বলব। সম্পাদনা: সালেহ্ বিপ্লব